'খুদে বিজ্ঞানীরা সব গেল কই'

‘হইহই রইরই, খুদে বিজ্ঞানীরা সব গেল কই?—সঞ্চালকের এমন প্রশ্নে শোরগোল করতে থাকা চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা থেমে গেল। আবার পরমুহূর্তেই একসঙ্গে শিক্ষার্থীরা চেঁচিয়ে বলল, ‘আমরা আছি।’ আর কর্মশালা শুরুর পর সবাই মনোযোগী শ্রোতা। রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক উৎসবের নবম দিনে গতকাল শনিবার চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেলা একটায় বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হওয়া কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন। কর্মশালা শেষে শুরু হয় বিজ্ঞান কুইজের পর্ব। এই পর্বে বিজয়ী পাঁচ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু নাসের ও চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি শিহাব জিশান। এ সময় চট্টগ্রাম বন্ধুসভার উপসাংগঠনিক সম্পাদক অদিতি মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল চৌধুরী ও বন্ধু স্বপ্নীল চৌধুরী উপস্থিত ছিলেন।
নগরের ২২টি বিদ্যালয় ও কলেজে প্রাথমিক পর্যায়ে বসছে বিজ্ঞানবিষয়ক কর্মশালার আসর, যার পূর্ণতা পাবে আগামী ৮ এপ্রিল। সেদিন নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে বসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞানবিষয়ক কুইজ ও সাংস্কৃতিক পরিবেশনার আসর। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বন্ধুসভা। বিজ্ঞান সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা।