‘খুন ও গুম’ হওয়া গৃহবধূ নতুন ঘর করছেন!
স্ত্রীকে খুন করে গুম করার অভিযোগে দায়ের করা মামলার আসামি হয়ে স্বামী আজিজুল মণ্ডল (২৭) পালিয়ে বেড়াচ্ছেন মা-বাবাসহ। আর ‘খুন ও গুম’ হওয়া স্ত্রী (২২) নতুন স্বামীর ঘর করছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি খামারপাড়া গ্রামে।মামলা সূত্রে জানা গেছে, আজিজুল মণ্ডলের সঙ্গে প্রায় সাত বছর আগে উপজেলার বিড়ালদহ গ্রামের হায়দার আলীর মেয়ে নার্গিসের বিয়ে হয়। বিয়ের পরে তাঁদের একটি কন্যাসন্তান হয়। তার বয়স এখন দুই বছর। এ অবস্থায় গত ৪ এপ্রিল নার্গিস বেগম প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এ খবর পেয়ে তাঁর বাবা ১০ এপ্রিল রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁর মেয়েকে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য খুন করে গুম করার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ মামলায় আজিজুলসহ তাঁর বাবা আজিম উদ্দিন (৫১) ও মা কহিনূর বিবিকে (৪৫) আসামি করা হয়েছে। এর পর থেকে পুলিশ আজিজুল ও তাঁর মা-বাবাকে খুঁজে বেড়াচ্ছে।এদিকে ১ মে নার্গিস বেগম আজিজুলের নামে তালাকের নোটিশ পাঠিয়েছেন। এতে তালাকের কারণ হিসাবে ‘সাংসারিক বনিবনা না হওয়া’কে উল্লেখ করা হয়েছে। তালাক নোটিশের কপি ভালুকগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, নার্গিস বেগম ইতিমধ্যে উপজেলার বিড়ালদহ গ্রামের মোল্লা শাহর ছেলে মোমিন শাহকে বিয়ে করেছেন। মোমিনের আগের স্ত্রীকে এর আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এখন উপজেলার মাড়িয়া গ্রামের তাঁর বাবা আইয়ুব আলীর আশ্রয়ে রয়েছেন।গত বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে নার্গিসের শ্বশুর মোল্লা শাহ প্রথম আলোকে জানান, তাঁর ছেলে দুই মাস আগে নার্গিসকে বিয়ে করেছেন। নার্গিস এখন তাঁর বাড়িতেই রয়েছেন। কথা বলতে চাইলে তিনি মুঠোফোনটি নার্গিসের হাতে ধরিয়ে দেন। নার্গিস বলেন, আগের স্বামীকে তালাক দিয়ে সব ঝামেলা মিটিয়ে তিনি মোমিনকে বিয়ে করেছেন। তাঁর বাবা যে আগের স্বামীর নামে মামলা করেছেন, এ বিষয়টিও নার্গিস জানেন বলে স্বীকার করেন।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম জানান, আদালতের এ রকম একটি মামলা তাঁরা পেয়েছেন। কিন্তু মেয়েটি আগের স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করেছেন, এটা তাঁরা জানতেন। তিনি আরও জানান, এখন তাঁরা দুই পক্ষ বসে একটা আপস-মিমাংসা করে নিতে পারে।