'খুনিদের কাছে জানতে চাই, কেন হত্যা করা হলো'

দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের স্ত্রী জোহরা ইরফান বলেছেন, ‘আমি শুধু খুনিদের কাছে জানতে চাই কেন ইরফানকে হত্যা করা হলো। কি অপরাধ ছিল তাঁর। আমার আর কোনো কিছু চাওয়ার নেই।’
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সারা দেশে গুম খুন ধর্ষণ রুখো’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে জোহরা এ কথা বলেন। গত রোববার দুপুরে ধানমন্ডি ৮ নম্বর সড়কের ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা তোলার পর নিখোঁজ হন ইরফানুল। রাতে নারায়ণগঞ্জের লিংক রোড থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দৃক গ্যালারি ও এর সহযোগী প্রতিষ্ঠান পাঠশালা এই মানববন্ধনের আয়োজন করে। এতে নিহতের স্ত্রী ও ছেলে ইফতেখারুল ইসলাম উমাম উপস্থিত ছিলেন। মানববন্ধনে দৃকের কর্মী ও পাঠশালার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। পাঠশালায় আলোকচিত্র সম্পর্কে পড়ানো ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাঠশালা থেকে প্রশিক্ষণ পাওয়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিক ও এখানকার শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বিপিএস, বেগার্ড, ম্যাপসহ বিভিন্ন আলোকচিত্র সংগঠনের কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দৃকের পরিচালক শহিদুল আলম বলেন, নারায়ণগঞ্জ একটি কুখ্যাত জায়গায় পরিণত হয়েছে। সেখানকার কর্ণধারকে সরকার মাথায় তুলে রাখেন। মাথায় তুলে রাখারাও আজ নীরব, কিছু বলছেন না। এর মানে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আছে। তাঁর পরিবারের জন্য নিরাপত্তা দিতে আইন করা হয়েছে।
শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর চামচারা আছে, তারা প্রধানমন্ত্রীর ক্ষতি করবেন। এখনো সময় আছে, বিস্ফোরণ ঘটবে। পরিস্থিতি ঠিক না থাকলে মানুষ সরকারকে সরাতে বাধ্য হবে। তিনি খুনদের গ্রেপ্তার ও শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আলোকচিত্রী আবির আবদুল্লাহও বক্তব্য দেন।