ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহীদ এ কে এম ইকবাল হত্যা মামলার প্রধান আসামিসহ ছয় আসামিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। উপজেলার প্রায় সবখানে এ-সংক্রান্ত পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে ছয় আসামির ছবির নিচে লেখা রয়েছে, ‘খুনিদের ধরিয়ে দিন, ১২ লাখ টাকা পুরস্কার নিন’।ইকবাল গত ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে দুর্বৃত্তদের বল্লমের আঘাতে ও দায়ের কোপে নিহত হন। এ ঘটনায় পরদিন উপজেলা আওয়ামী লীগের (বিলুপ্ত) সভাপতি মো. আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলীসহ ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়।এ পর্যন্ত এজাহারভুক্ত একজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু প্রধান কয়েকজন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি; যদিও আদালতের অনুমতি নিয়ে এসব আসামির বাড়ির মালামাল জব্দ করা হয়েছে। ইকবালের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরাইলে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত আছে। তিন দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ‘খুনিদের’ ছবিসংবলিত পোস্টার সাঁটানো হচ্ছে। মামলার বাদী ও ইকবালের ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ প্রথম আলোকে বলেন, আসামিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্যেই এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাকির হোসেন ভূঁইয়া বলেন, আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।