‘খুনিদের বিচার হলেই আত্মা শান্তি পাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজার এলাকার ফুটবল খেলোয়াড় রাসেলের (১৮) হত্যাকারীদের গ্রেপ্তারের ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে খেলোয়াড় রাসেলের পাওয়া বিভিন্ন পদক ও কাপ নিয়ে হাজির হন তাঁর বাবা আনোয়ার হোসেন ও মা বিলকিস বেগম।আনোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাসেলের হত্যাকারীরা অনেক বড়লোক। খুনি ইভনের বাবা বলে বেড়াচ্ছে টাকা দিয়ে মামলা শেষ করে দেবে। আমার বড় ছেলে রাসেলকে হত্যার পর ছোট ছেলে হূদয়কেও অপহরণের চেষ্টা করে তারা। বাড়ির সামনে গভীর রাতে খুনিরা মহড়া দেয়।’ বিলকিস বেগম বলেন, ‘অনেক আশা ছিল, রাসেল বড় হয়ে ভালো ফুটবল খেলে সংসারের অভাব দূর করবে। কিন্তু খুনিরা সে স্বপ্ন পূরণ হতে দিল না। খুনিদের বিচার হলেই ছেলের আত্মা শান্তি পাবে।’ মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ জেড এম ইসমাইল বলেন, রাসেল উদীয়মান ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি ২০১০ সালে ৭২ নম্বর ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেন। ওই টুর্নামেন্টে রাসেল ১ নম্বর গোলরক্ষক হন।২৩ এপ্রিল বিকেলে পূর্ব ইসদাইর এলাকায় ডেকে নিয়ে রাসেলকে হত্যা করা হয়। পরদিন সকালে তাঁর মা বিলকিস বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।