কুমিল্লার বরুড়ায় শিশু ইব্রাহীম খলিলকে পারিবারিক বিরোধের জের ধরে হত্যার পর তার লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন তার বড় চাচি হোসনে আরা বেগম (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার হওয়ার পর হোসনে আরা বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শিশুটির চাচি হোসনে আরাকে সকালে গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসনে আরা হত্যার কথা স্বীকার করেন। পরে বিকেলে হোসনে আরাকে কুমিল্লার আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর গত শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার সেপটিক ট্যাংক থেকে সাত বছরের শিশু ইব্রাহীম হোসেনের লাশ উদ্ধার হয়। সে বরুড়া উপজেলার শাকপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, দাদি ছালেহা বেগম তাঁর ছোট ছেলে আবুল কাশেমের সন্তান ইব্রাহীম খলিলকে বেশি আদর করতেন। বড় ছেলে আবুল বাশারের সন্তানদের তেমন আদর করতেন না। এই কারণে আবুল বাশারের স্ত্রী হোসনে আরা ইব্রাহীমকে হত্যা করেছেন গত বৃহস্পতিবার দুপুরে।
পুলিশ সুপার বলেন, অভিযুক্ত হোসনে আরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইব্রাহীম পাশের বাড়ির মাছের খামারে বৃষ্টির মধ্যে একা খেলছিল। সেখানে গিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে আসেন হোসনে আরা। ঘরের দরজা লাগিয়ে শিশুটিকে গলা টিপে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ খাটের নিচে রেখে যান। সন্ধ্যা সাতটার দিকে শিশুটির গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে দেন। এরপর তাকে কোলে করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দিয়ে ঢাকনা লাগিয়ে দেন।
পুলিশ সূত্র জানায়, আদালতে হোসনে আরা একই জবানবন্দি দেন। হত্যাকাণ্ডের পর অন্তত ৮৫ বার হোসনে আরা বেগম বিভিন্ন স্থানে মুঠোফোনে কথা বলেন। তিনি শিশুটিকে খুঁজে বের করার তাগিদও দেন। পরে তিনিই লাশটি খুঁজে বের করেন।
সংবাদ সম্মেলনে শিশু ইব্রাহীমের বাবা আবুল কাশেম বলেন, ‘আমি হত্যাকারীর ফাঁসি চাই। আমার বড় ভাই আবুল বাশারের স্ত্রী হোসনে আরা বেগম আমার ছেলেকে গলা টিপে হত্যা করে লাশ গুম করে। পরে সে-ই আবার লাশ শনাক্ত করে।’