বিরোধী দলের আন্দোলন দমন ও ‘খুনোখুনি’ করতে সরকার পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসকে গোপনে মুক্তি দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বিএনপি।দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশকে কঠোর গোপনীয়তা রক্ষা করে কারাগার থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করতে সব ধরনের অপচেষ্টা এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যর্থ হয়েছে সরকার। তাই এবার শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ ও ছাত্রলীগকে উসকানি দেওয়ার পর বিশ্বজিৎ হত্যার ঘটনা ঘটে। এখন আবার খুনোখুনি ও রক্তারক্তির জন্য সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। বিএনপির এই নেতা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘কোনো ষড়যন্ত্রই জনগণের আন্দোলন বন্ধ করতে পারবে না। বিশ্বের সব স্বৈরশাসকের মতো আপনারাও মুখ থুবড়ে পড়বেন।’