'খুব আনন্দ নাগিছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা এখন বাংলাদেশের নাগরিক। নিজ দেশের দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পাটগ্রাম শহরে গতকাল আনন্দ মিছিল করেন তাঁরা। ছবিটি উপজেলা মোড় থেকে তোলা l প্রথম আলো
তাঁরা এখন বাংলাদেশের নাগরিক। নিজ দেশের দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে পাটগ্রাম শহরে গতকাল আনন্দ মিছিল করেন তাঁরা। ছবিটি উপজেলা মোড় থেকে তোলা l প্রথম আলো

বয়স ৬৫ বছর। চোখে কিছুটা ছানি পড়েছে। কানেও শোনেন কম। কিন্তু শারীরিক এই বাধা এক ঝটকায় ছুড়ে ফেলে গতকাল শনিবার শমসের আলী যেন হয়ে উঠেছিলেন ১৮ বছরের টগবগে যুবক। নিজের ঘোড়ায় চড়ে সকাল সকাল চলে আসেন পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে।
৬৮ বছরের বন্দিদশা কেটে গেছে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে। বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃত পাওয়ার প্রথম সকালটা ছিটমহলের অন্য বাসিন্দাদের সঙ্গে আমোদ করে কাটানোর জন্য উপজেলা চত্বরে চলে আসেন শমসের আলী।
সামনে বাংলাদেশের পতাকা। এরপরই শমসের আলীর ঘোড়া। পেছনে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছিলেন অন্যরা। যতক্ষণ সেখানে ছিলেন, সবাইকে মাতিয়ে রেখেছিলেন শমসের আলী।
শমসের আলীর আবাস পাটগ্রামের ২০ নম্বর লতামারী ছিটমহলে। উপজেলার ৫৫টি ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশের নাগরিকত্বের স্বীকৃতি উদ্যাপনের জন্য উপজেলা চত্বরে মিলিত হয়েছিলেন। ছিটমহলের বাসিন্দাদের মধ্যে অনেককে ট্রাক, ট্রাক্টর, রিকশাভ্যান, সাইকেল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আসতে দেখা যায়।
শমসের আলী বলেন, তিনি ছয় মাস আগে শখ করে ঘোড়া কিনেছিলেন। আনন্দের এই দিনে ঘোড়ায় চড়ে আসার ব্যতিক্রমী সিদ্ধান্তটি নেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুব আনন্দ নাগিছে। এত দিন কোনো দেশ ছিল না। আজ দেশের মাটিত ঘোড়ায় চড়িয়া গেনু।’
এর আগে গতকাল সকালে ১১৯ বাঁশকাটা ছিটমহলে সরকারিভাবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, গাওয়া হয় জাতীয় সংগীত। সকাল নয়টার পর প্রতিটি ছিটমহলের বাসিন্দারা ব্যান্ড পার্টির তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে উপজেলা চত্বরে আসেন।
এ সময় বহু মানুষের কপালে বাঁধা ছিল বাংলাদেশের পতাকায় তৈরি করা ব্যান্ড। হাতে ছিল প্ল্যাকার্ড। এর মধ্যে কয়েকটির স্লোগান ছিল এ রকম: ‘আর নয় ছিটবাসী, আমরা সবাই বাংলাদেশি’। ‘ইন্দিরা-মুজিব চুক্তি, ছিটবাসীর মুক্তি’।
৩০ নম্বর বাঁশকাটার যুবক সহিদার রহমান বলেন, ‘আইজকার দিনটা এত যে ভালো লাগেছে। কেনে, বাংলাদেশি হইছি বলে।’
উপজেলা চত্বরে এরপর চলে সমাবেশ। তবে এই সমাবেশ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের একচ্ছত্র নিয়ন্ত্রণের ফলে কিছুটা রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়। একটু পরপরই মাইকে এবং আগতরা আওয়ামী লীগের দলীয় স্লোগান দিয়ে প্রকম্পিত করেন। নৌকার ছবিসংবলিত প্ল্যাকার্ডও বহন করতে দেখা গেছে। শুক্রবার রাতে ২০ নম্বর লতামারী ছিটমহলে যে আনন্দ আয়োজন করা হয়, সেটির মঞ্চও সার্বক্ষণিক দখলে রাখেন তাঁরা। মাইকে বাজানো হয় দলীয় সংগীত।
বন্দিত্ব ঘোচানোর এই দিনে অনেক পরিবারে ভালো খাবারের আয়োজন করা হয়। দাওয়াত করা হয় আত্মীয়স্বজন ও ছিটমহলের বাইরের মানুষকেও।