'খুব জার নাগজে তাই কানচি'
উত্তর থেকে ধেয়ে আসা হিমশীতল বাতাসে জবুথবু অবস্থা। গত রোববার সকাল আটটায়ও সূর্যের দেখা নেই। চুয়াডাঙ্গা স্টেশনের পাশেই রেললাইনের ওপর দাঁড়িয়ে পাঁচ-ছয় বছর বয়সী একটি ছেলে অনবরত কেঁদে চলেছে। শীতে কাঁপছে ঠক ঠক করে। লাল রঙের হাফহাতা একটি গেঞ্জি পরে বগলে দুটি হাত চেপে শীতের হাত থেকে বাঁচার নিরন্তর চেষ্টা তার।
আলাপকালে ছেলেটি জানায়, তার নাম সবুজ, বাবা মানিক একজন হকার, মা সাহেদা গৃহিণী, হকপাড়া রেলওয়ে বস্তিতে বসবাস। কান্নার কারণ জানতে চাইলে সে আরও জোরে কান্না জুড়ে দেয়।
একপর্যায়ে বলে, ‘আমার কুনু ছইটার নেই, ফুলপ্যান নেই। আব্বা-মার বুইলিও কিনে দেচ্চে না। রোইদও ওটচে না। খুব জার (শীত) নাগজে তাই কানচি।’ সে আরও জানায়, অন্য দিন বন্ধুদের সঙ্গে ছেঁড়া কাগজ কুড়িয়ে তাতে আগুন জ্বেলে শীতের হাত থেকে বাঁচে। কিন্তু, কাগজ না কুড়ানোর কারণে বন্ধুরা আগুন পোহাতে দিচ্ছে না। রোদ পোহাতে রেললাইনের ওপর এসে দাঁড়ালেও রোদ উঠছে না। জোরে বাতাস বইতে থাকায় শীত লাগছে।
জানা গেছে, চুয়াডাঙ্গায় রেললাইনের দুই ধারে ফার্মপাড়া ও হকপাড়া বস্তিতে পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের বাস। বেশির ভাগ পরিবারেই রয়েছে শীতবস্ত্রের অভাব। হকপাড়া বস্তিতে বসবাসকারী জাহানারা বেগম (৫৫) অভিযোগ করেন, সরকারিভাবে প্রতিবছর শীতবস্ত্র দেওয়া হলেও ওই বস্তিবাসীরা বরাবরই বঞ্চিত থেকে যায়। একই কথা জানালেন সেখানকার বাসিন্দা আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম।
এদিকে গত ১৫ দিনের মধ্যে ছয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গত বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়—৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পক্ষকাল ধরে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ শীতার্ত মানুষকে বিপাকে ফেলেছে। হঠাৎ করেই মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বইতে থাকায় নতুন-পুরোনো শীতবস্ত্রের দামও বেড়ে গেছে। জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন প্রথম আলোকে জানান, ইতিমধ্যে দুই হাজার ৮৪টি কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাওয়া ৪০০টি কম্বল ইউএনওদের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই তা বিতরণ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক হাজার ২০০টি কম্বল ও ১৫০টি চাদর বরাদ্দ পাওয়া গেছে।