'খুবই ভয়ানক প্রবণতার' দিকে যাচ্ছে গুমের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে গুমের ঘটনা বাড়ছে এবং তা ‘খুবই ভয়ানক প্রবণতার’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। অব্যাহত গুমের ঘটনায় উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপন করা এক প্রতিবেদনে ‘ইউএন ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স’ এ মন্তব্য করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘আমরা ভীষণভাবে উদ্বিগ্ন যে, গুমের ঘটনা বেড়ে চলেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় এ পদ্ধতি সহায়ক—এমন ভ্রান্ত ধারণার কারণে গুমের ঘটনা বেড়েই চলেছে।’
প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশেষজ্ঞরা ৭৬৬ গুমের ঘটনা পেয়েছেন ৩৭টি দেশে। এর মধ্যে ৪৮৩টি ঘটনার ক্ষেত্রে তাঁরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। আগের বছরের বার্ষিক প্রতিবেদনে দেওয়া গুমের সংখ্যার তুলনায় এ বছরের সংখ্যা তিন গুণ বেশি। তবে প্রতিদিন ইউএন ওয়ার্কিং গ্রুপ অন ডিসঅ্যাপিয়ারেন্সে গুমের যে পরিমাণ অভিযোগ আসে, তার তুলনায় উল্লেখ করা সংখ্যা খুবই নগণ্য।
বিশেষজ্ঞরা ‘স্বল্প সময়ের জন্য গুম’ হয়ে যাওয়ার ঘটনায় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এর ফলে গুম হয়ে যাওয়া মানুষ ব্যক্তি স্বাধীনতা ও আইনের সুরক্ষা থেকে বঞ্চিত হন। এ ক্ষেত্রে গুম হওয়া ব্যক্তি কিছুদিন পর ফিরে আসেন। তবে এই প্রবণতা মোটেও কম উদ্বেগের নয়।
গুমবিষয়ক কমিটির সদস্যরা মানবাধিকার পরিষদে দেওয়া উপস্থাপনায় বলেন, যত স্বল্প সময়ের জন্যই হোক না কেন, গুমের ঘটনা কাম্য নয় এবং তা বন্ধ করা উচিত।