'খুলনা শহরে দুর্ঘটনার অন্যতম কারণ ইজিবাইক'
সড়ক-মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। পাশাপাশি গতিরোধক (স্পিড ব্রেকার) কমানোর চেষ্টা করা হচ্ছে। খুলনায় অধিক ইজিবাইকের যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দিতে শিগগির সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আবার বসা হবে।
গতকাল সোমবার খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে ‘সড়ক নিরাপত্তামূলক’ এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা-বিষয়ক শিক্ষা ও সচেতনতা বাড়াতে সব মহলকে এগিয়ে আসতে হবে। খুলনা জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) খুলনা সার্কেল এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে পুলিশ সুপার বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে অনেক পদক্ষেপ নেওয়া হলেও আমরা এখনো নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারছি না। খুলনা শহরে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ইজিবাইক।’