‘খুলশীতে সন্ত্রাসীদের কাছে জিম্মি একটি পরিবার’
সৈয়দ সাইফুদ্দিন নামের চট্টগ্রাম দক্ষিণ খুলশীর এক বাসিন্দা দখলবাজ ও চাঁদাবাজদের কবল থেকে তাঁর পরিবারকে রক্ষার আবেদন জানিয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রামের জুবিলী রোডের একটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই সৈয়দ খসরুদ্দিন ও মুক্তিযোদ্ধা আবু তাহের। সংবাদ সম্মেলনে সৈয়দ সাইফুদ্দিন বলেন, ১৯৯৭ সালে জাপানে অবস্থান করার সময় দক্ষিণ খুলশী এলাকায় তিনি বাড়ি নির্মাণের জন্য এক খণ্ড জমি কেনেন। পরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তরা তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কোনো অবস্থাতেই তিনি চাঁদা দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বৃদ্ধ মা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হয়।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জাপান থেকে ছুটি নিয়ে এলে সন্ত্রাসীরা সাইফুদ্দিনকে শিশু অপহরণের মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়। এ কারণে তিনি আর জাপানে যেতে পারেননি। দেশেও তাঁর ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের কাজ মাঝপথে থেমে যায়। এতে বিদেশ থেকে কষ্টার্জিত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়।সাইফুদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধে আমার দুই ভাই সক্রিয় অংশ নেন। আমার বৃদ্ধা মা একাত্তরে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে মহান স্বাধীনতাকামী মানুষের জন্য বিশাল অবদান রেখেছিলেন। দেশের জন্য বীরত্বপূর্ণ অবদান রাখা একটি পরিবারের সন্তান এবং নিজে দীর্ঘ প্রবাস জীবনে বিপুল অঙ্কের বিদেশি মুদ্রার জোগান দিয়েও জীবনের এ পর্যায়ে এসে অসহায় বোধ করছি। খুলশীর দখলবাজ ও চিহ্নিত সন্ত্রাসীদের কাছে আজ আমি অসহায়। এই জিম্মিদশা থেকে আমরা মুক্তি চাই।’