‘খেলার সাথি’দের মারধরে কলেজছাত্রের মৃত্যু
সিলেটে ‘খেলার সাথি’দের মারধরে সাঈদ আহমদ (১৮) নামের একজন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নগরের সোবহানীঘাট এলাকার ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাঈদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা যান। এ ঘটনায় তাঁর খেলার সাথি দুজনের নামোল্লেখ করে পাঁচজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নগরের যতরপুর এলাকার বাসিন্দা সাঈদ পার্শ্ববর্তী একটি কলোনির কয়েকজন যুবকের সঙ্গে প্রতিদিন বিকেলবেলায় ক্রিকেট খেলতেন। কলোনির ওই যুবকেরা সাঈদের খেলার সাথি হিসেবে এলাকায় পরিচিত। পূজার ছুটিতে এলাকায় ক্রিকেট খেলা আয়োজনের কথা বলে ৫ অক্টোবর রাত প্রায় সাড়ে ১২টার দিকে সাঈদকে বাসা থেকে ডেকে নেন ওই যুবকেরা। কিছুক্ষণ পর সাঈদকে রাস্তার পাশে পড়ে থাকতে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল সকাল সাতটায় মারা যান।ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহিদ মিয়ার সঙ্গে যোগাযোগ করলে সাঈদ আহমদের কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করার বিষয়টি তিনি নিশ্চিত করেন। অধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত। আমার শিক্ষাপ্রতিষ্ঠানে যেহেতু ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঘটনাটি রাতের বেলা সংঘটিত হওয়ায় আমরা ধারণা করছি, এটি বাইরের কোনো কারণে হয়েছে।’জানা গেছে, সাঈদেরা দুই ভাই। এর মধ্যে সাঈদ বড়। তাঁর বাবা মো. আবু তাহের সৌদি আরব প্রবাসী ছিলেন। বর্তমানে তিনি বাড়িতেই আছেন। যোগাযোগ করলে সাঈদের চাচা আবদুল জলিল জানান, ঠিক কী কারণে তাঁকে মারধর করা হয়েছে, এ বিষয়ে পরিবার অবহিত নয়। তবে তাঁর সঙ্গী বা সহপাঠীরাই তাঁকে মারধর করেছে—এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।মো. আবু তাহের মামলার বরাত দিয়ে জানান, মাথায় গুরুতর জখম অবস্থায় সাঈদকে যতরপুরের একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনের রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাঈদ সংজ্ঞাহীন থাকায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মামলা করা হয়েছে। তিনি জানান, যতরপুরের পার্শ্ববর্তী সোনারপাড়া এলাকার বশির মিয়ার কলোনির মুরাদ (২০) ও মনসুর (২১) নামের দুই যুবকের নেতৃত্বে পাঁচজন সাঈদকে মারধর করে ফেলে যায়। মারধরের কারণ পূর্বশত্রুতা হতে পারে বলে জানান তিনি।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মারধরের পর সাঈদের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত করে দেখেছে, ওই কলোনির কয়েকজন যুবকের সঙ্গে সাঈদ নিয়মিত ক্রিকেট খেলতেন। পূজার ছুটি উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করতে তাঁকে বাসা থেকে ডেকে নেওয়া হয়েছিল। পুলিশের ধারণা, খেলার সাথিদের সঙ্গে কোনো দ্বন্দ্বের কারণে সাঈদকে মারধর করা হয়।এসআই সুলতানউদ্দিন জানান, সাঈদ মারা যাওয়ার পর থানায় দাখিল করা আগের অভিযোগকে গতকাল হত্যা মামলায় রূপান্তর করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু কলোনিতে গিয়ে অভিযোগে দেওয়া নামের কাউকে পাওয়া যাচ্ছে না। সাঈদের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।