'খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উদ্দেশ্যপ্রণোদিত'
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, ‘এটা সম্পূর্ণ হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, যে মামলায় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সে মামলার এজাহারে তাঁর নাম ছিল না। খোকা চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পর তাঁর নাম অন্তর্ভুক্ত করে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ফটকে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় সাদেক হোসেন খোকাসহ নয়জনের বিরুদ্ধে গত মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালত।