'খোকন রাজাকারের' বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১০টি অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল রোববার দুপুরে জাহিদ হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আনুষ্ঠানিক অভিযোগে জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, ধর্মান্তরিত করা, দেশত্যাগে বাধ্য করা, নির্যাতন প্রভৃতির ১০টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে জাহিদ হোসেন নিজেকে ‘খোকন রাজাকার’ হিসেবে পরিচয় দিতেন। তিনি এলাকায় ‘খোকন মাতুব্বর’ নামেও পরিচিত। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জমা দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ২৯ মে জাহিদ হোসেনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করে। তদন্ত সংস্থা জানায়, জাহিদ একাত্তরে নগরকান্দায় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০টি গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ প্রভৃতি। রাষ্ট্রপক্ষ জানায়, জাহিদ হোসেন নগরকান্দা বিএনপির সহসভাপতি পদে থেকে নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।