ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন কাঠামোয় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৯ সেপ্টেম্বর শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক সদরুল আমিন কলা অনুষদের ডিন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, উত্তরপত্রে ইংরেজি, বাংলা, ঐচ্ছিক ইংরেজি (ইলেকটিভ ইংলিশ), সাধারণ জ্ঞান-১ এবং সাধারণ জ্ঞান-২—এই পাঁচটি অংশ থাকবে। একজন পরীক্ষার্থীকে যেকোনো চারটি অংশের উত্তর দিতে হবে। সবগুলো উত্তর দিলে খাতা বাতিল হবে।
সদরুল আমিন জানান, আগের নিয়মে মাতৃভাষা হিসেবে যাঁরা বাংলা পড়েননি তাঁদের ঐচ্ছিক ইংরেজির উত্তর দিতে হতো। কিন্তু ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে তাঁদের পাশাপাশি যাঁরা ইংরেজি বিভাগে ভর্তি হতে চান, তাঁদেরও ঐচ্ছিক ইংরেজি অংশের উত্তর করতে হবে। ঐচ্ছিক ইংরেজির উত্তর দিতে চাইলে উত্তরপত্রে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
পরীক্ষায় জালিয়াতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, পরীক্ষার হলে মুঠোফোন, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ঢুকলে তাঁকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।