জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ‘খ’ ও ‘গ’ ইউনিটে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ২০০ নম্বর থাকতে হবে—এমন শর্তারোপকে বেআইনি ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।এ বছরের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘খ’ ও ‘গ’ ইউনিটে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ২০০ নম্বরের শর্তারোপ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সাজ্জাদ, আলিমুল হকসহ ভর্তি হতে ইচ্ছুক হাইকোর্টে রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর আদালত ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হাইকোর্টের আদেশের পর ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জরুরি সভায় ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, হাইকোর্টের নির্দেশ অনুসারে দুটি ইউনিটের পরীক্ষাসংক্রান্ত বিষয়টি অতি দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন শুধু যাঁদের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে স্বতন্ত্রভাবে ১০০ নম্বর ছিল তাঁরাই আবেদন করতে পারবেন।