'খ' তফসিল বাদ দিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা থেকে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি বাদ যাচ্ছে। এই বিধান রেখে আজ মঙ্গলবার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল-২০১৩ সংসদে পাস হয়েছে।

ভূমিমন্ত্রী রেজাউল করিম বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিল-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান আইন থেকে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি বাদ দেওয়ার জন্য ভুক্তভোগীরা সংসদীয় কমিটির কাছে আবেদন করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘খ’ তফসিল বাতিল করার পরামর্শ দিয়েছেন। যে কারণে কমিটি এ তালিকা বাদ দেওয়ার সুপারিশ করে।

বিলে বলা হয়েছে, ‘খ’ তফসিলটি এমনভাবে বাতিল হবে, যেন ওই তফসিলভুক্ত সম্পত্তি কখনোই অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়নি।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য সরকার ২০১১ সালে আইন সংশোধন করে। এ জন্য জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল ও জেলা কমিটি গঠন করা হয়। এ বছরের জুলাই পর্যন্ত কমিটি ও ট্রাইব্যুনালে মোট চার লাখ নয় হাজার ৯১৩ আবেদন জমা পড়ে। কিন্তু এ পর্যন্ত মাত্র ১১ হাজার ৩২৯টি আবেদন নিষ্পত্তি হয়। এ প্রেক্ষাপটে সরকার ‘খ’ তফসিলভুক্ত তালিকা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাঁদের স্থাবর সম্পত্তি তত্কালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।