সময় বাড়াতে আইন সংশোধনের প্রস্তাব আজ মন্ত্রিসভায় উঠছে
‘খ’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির গেজেট নির্ধারিত সময়ে হয়নি
‘খ’ তফসিলভুক্ত (ইজারা না দেওয়া) অর্পিত সম্পত্তির তালিকার গেজেট নির্ধারিত সময়ে প্রকাশ করতে পারেনি ভূমি মন্ত্রণালয়। তাই সময় বাড়াতে এ-সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ‘ক’ তফসিলভুক্ত (ইজারা দেওয়া) সম্পত্তির তালিকার গেজেট নির্ধারিত সময়েই প্রকাশ করা হয়েছে।ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, অর্পিত সম্পত্তির ‘ভলিয়ম’ অনেক বেশি হওয়ায় ছাপাতে সময় লাগছে। ছাপা শেষ হতে আরও কিছু সময় লাগবে। এ জন্য আইন সংশোধনের প্রস্তাব আজ সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে। মন্ত্রিসভায় আলোচনা করে বর্ধিত সময় ঠিক করা হবে।ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণযোগ্য ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার গত বছরের ১১ ডিসেম্বর জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধিত) পাস করে। এই আইনে রয়েছে, ১৫০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির মৌজাভিত্তিক জেলাওয়ারি তালিকা প্রস্তুত করে গেজেটে প্রকাশ করতে হবে। কিন্তু এই সময় শেষ হলেও ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির গেজেট প্রকাশিত হয়নি। এ জন্য আইন সংশোধন করে এই সময় ১৫০ দিনের পরিবর্তে ২১০ দিন করার প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদিত হলে গেজেট প্রকাশের জন্য আরও ৬০ দিন সময় পাবে ভূমি মন্ত্রণালয়।এ ছাড়া বিদ্যমান আইনে রয়েছে, ‘খ’ তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে দাবির সমর্থনে কাগজপত্র ও প্রমাণাদিসহ গেজেট বিজ্ঞপ্তির ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি বরাবর অথবা ট্রাইব্যুনালে সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন করতে পারবে। সংশোধিত আইনে এই আবেদনের সময় ৯০ দিনের পরিবর্তে ১২০ দিন করার প্রস্তাব করা হয়েছে।ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘খ’ তফসিলের অর্পিত সম্পত্তি আছে চার লাখ ৭০ হাজার ৫৫৮ দশমিক ৪৫ একর। এই সম্পত্তি নিয়ে নানাবিধ সমস্যা থাকায় জেলা থেকে তালিকা পেতেও দেরি হয়েছে। এসব তালিকা ছাপাতে বিজি প্রেসে পাঠানো হলেও শেষ মুহূর্তে একসঙ্গে এত গেজেট ছাপাতে দেরি হচ্ছে। তাঁরা আশাবাদী, যে সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তা পাওয়া গেলে ওই সময়ের মধ্যেই গেজেট প্রকাশিত হয়ে যাবে।কর্মকর্তারা জানান, ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ করে জেলায় জেলায় পাঠানো হয়েছে। এখন এই সম্পত্তির বিষয়ে কারও দাবি থাকলে জেলা জজের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। সারা দেশে এ ধরনের সম্পত্তি আছে এক লাখ ৮৯ হাজার ৬৬২ দশমিক ৯৩ একর।তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করে প্রত্যর্পণযোগ্য ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কিছুদিন আগে প্রতি জেলায় একটি করে ট্রাইব্যুনাল গঠন করে আইন মন্ত্রণালয়। প্রতি জেলার জেলা ও দায়রা জজ নিজ দায়িত্বের পাশাপাশি এই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে জেলা কমিটিও কাজ করবে। এ ছাড়া কীভাবে আবেদনসহ অন্যান্য কাজ হবে, সে বিষয়ে বিধিমালাও করা হয়েছে।১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা এ দেশ থেকে ভারতে চলে যান, তাঁদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এর নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্পিত সম্পত্তি মূল মালিক বা তাঁদের উত্তরাধিকারদের কাছে ফিরিয়ে দিতে একটি আইন করা হয়েছিল; তবে তখন সেটি কার্যকর হয়নি।