'খ' তালিকার বিষয়ে পরিপত্র প্রকাশ

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধনী) আইন, ২০১৩ প্রণয়নের পর বাতিল হওয়া ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির বিষয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) ইব্রাহীম হোসেন খান স্বাক্ষরিত এ পরিপত্রে ‘খ’ তফসিল বাতিল করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করা হয়েছে।
অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা বাতিল হয় গত ১০ অক্টোবর। কিন্তু মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকায় ভুক্তভোগীরা তাঁদের সম্পত্তি অবমুক্ত করতে পারছিলেন না।
ভূমি প্রশাসনের কর্মকর্তারাও নির্দেশনার অভাবে পরবর্তী করণীয় ঠিক করতে পাছিলেন না। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে এখন এ পরিপত্র জারির পর প্রত্যর্পণ প্রক্রিয়ায় কোনো জটিলতা থাকবে না বলে দাবি করেন ইব্রাহীম হোসেন খান। পরিপত্রটি আগামী রোববার ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান তিনি।
পরিপত্রে সাত দফা নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় আছে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধনী) আইনের ২৮ ধারামতে বাতিল হওয়া ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির যেগুলোর হোল্ডিং বৈধভাবে খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর নেওয়া হতো, সেসব সম্পত্তির ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর আগের মতোই আদায় করতে হবে। বৈধ দলিল থাকার পরও যাদের নামে হোল্ডিং খোলা হয়নি, তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিনিময় দলিলের অন্তর্ভুক্ত ভূমির ক্ষেত্রে যদি পৃথক খতিয়ান না খোলা হয়ে থাকে, তবে সে ক্ষেত্রে দলিলের সত্যতা যাচাই করে পৃথক হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর নিতে হবে। ‘খ’ তফসিলভুক্ত যেসব সম্পত্তি ইতিমধ্যে ১/১ খতিয়ানে সরকারের নামে রেকর্ড হয়েছে, তা অকার্যকর হয়ে যাবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। তবে এমন সম্পত্তিতে যদি সরকারের স্বত্ব থাকে তবে তা রক্ষা করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।