'গডফাদাররা নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হবেই'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে যায়, তখন সে মানুষকে ঘরে বন্দী করে রাখা যায় না। খড়কুটো নিয়ে হলেও সে মানুষ লড়াই করে যায়। তেমনিভাবে নারায়ণগঞ্জবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের প্রতিবাদের কারণে এই নারায়ণগঞ্জ বদল হবে। গডফাদাররা এ শহর থেকে বিতাড়িত হবেই।’
চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার সকালে শরীফ উদ্দিন সবুজের সায়েন্স ফিকশন কোষ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। সকালের খবর পাঠকসভার নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি তারাপদ আচার্য্যের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যবসায়ী হালিম শিকদার, দৈনিক সংবাদ-এর প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, অন্বেষা প্রকাশনের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।
মোরশেদুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে যেমন আইভীর মতো মেয়র আছে, তেমনি কলঙ্কও আছে। সে কলঙ্কদের কী নাম তা সবাই জানে। আমি তা বলতে চাই না।’ তিনি বলেন, নারায়ণগঞ্জের কলঙ্কের হাতে মেধাবী ছাত্র ত্বকী খুন হলেও তার বিচার এখনো নারায়ণগঞ্জবাসী পায়নি। এ ঘটনার জন্য যারা সত্যিকার অর্থে দায়ী, তাদের এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না। এটা দুঃখজনক, লজ্জাজনক।