'গণগ্রেপ্তার' বন্ধে এইচআরডব্লিউর আহ্বান
দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের নামে পুলিশের ‘গণগ্রেপ্তার’ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। পাশাপাশি ‘চাপাতি হামলাকারীদের’ শনাক্ত ও বিচারের আওতায় আনতে যথাযথ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউ বলেছে, সেক্যুলার লেখক, সমকামীদের অধিকার রক্ষায় কাজ করা কর্মী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর চলা হামলার ঘটনা তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের। একই সঙ্গে অপরাধে জড়িত থাকার যথাযথ প্রমাণ ছাড়া গণহারে যে গ্রেপ্তার চালানো হচ্ছে, তা-ও অবিলম্বে বন্ধ করা উচিত।
গত এক সপ্তাহে দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযানের নামে কয়েক হাজার লোককে গ্রেপ্তারের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের প্রতি এ আহ্বান জানাল এইচআরডব্লিউ।
বিবৃতিতে বলা হয়, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, এলজিবিটি কমিউনিটির সদস্য ও ‘মুক্তচিন্তার’ অধিকারী লেখকদের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১১ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করেছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, অপরাধে জড়িত থাকার গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে তাঁদের হয় অবিলম্বে আদালতে হাজির, নয় ছেড়ে দেওয়া উচিত।
এইচআরডব্লিউর এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘রোমহর্ষক এসব হামলায় ধীরগতিতে ও প্রসন্নচিত্তে সাড়া দেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই পুরোনো ধারায় ফিরে যাচ্ছেন। যথাযথ তদন্তের লক্ষ্যে কঠোর পরিশ্রম না করে ‘‘স্বাভাবিক সন্দেহভাজন’’ ব্যক্তিদের গ্রেপ্তার করছেন।’
ব্র্যাড অ্যাডামস আরও বলেন, এসব হত্যাকাণ্ড বন্ধ করা এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা সরকারের রয়েছে। কিন্তু তা সরকারের নিজস্ব অপরাধ আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।