'গণজাগরণ ঘরে ঘরে' চলবে আরও তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় না হওয়া প্রসঙ্গে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এটি ট্রাইব্যুনালের দুর্বলতা, প্রসিকিউশনের ব্যর্থতা।
মাসব্যাপী ‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচির শেষ দিনে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার এ কথা বলেন। এ সময় তিনি এই কর্মসূচি আরও তিন মাস চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই তিন মাসে কর্মী সংগ্রহ, প্রাতিষ্ঠানিক গণসংযোগ ও দেশের ৬০টি জেলায় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য গণসংযোগ করবে গণজাগরণ মঞ্চের এই অংশটি। গত এক মাসে তারা কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদীতে প্রচারণা চালিয়েছে।
বর্ধিত কর্মসূচি ঘোষণা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, ট্রাইব্যুনালে সেদিন যে নিজামীর রায় হবে না, সেটা জামায়াত আগেই জেনে যাওয়ায় এটা স্পষ্ট যে সরষের ভেতরেই ভূত রয়েছে। সরকার ও ট্রাইব্যুনালকেই খুঁজে বের করতে হবে, তাদের মধ্যে কারা জামায়াতের ‘পারপাস সার্ভ’ করে।