'গণজাগরণ মঞ্চ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে'
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকি আক্তার বলেছেন, একটি মহল গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করতে শুরু থেকেই নানা তৎপরতা চালিয়েছে। কিন্তু গণজাগরণ মঞ্চের প্রতি সর্বস্তরের মানুষের সমর্থন থাকায় চক্রান্তকারীরা সফল হয়নি। জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের বিজয় হয়েছে। গণজাগরণ মঞ্চ নিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা বলে যে গণজাগরণ মঞ্চের আর কোনো প্রয়োজন নেই, তারা মানবতাবিরোধীদের বিচার চায় না।
ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা শাখার ৩০তম সম্মেলন উপলক্ষে গতকাল সোমবার শহরের সাতমাথায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন লাকি আক্তার। এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মানবেন্দ্র দেব। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা শাখার সভাপতি জয়দেব ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা হয়। দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে নাদিম মাহমুদকে সভাপতি ও শাওন পালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটির ঘোষণা করা হয়।