‘গণতন্ত্র মঞ্চ’ করবে বিএনপি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা-উপজেলায় বিএনপি ‘গণতন্ত্র মঞ্চ’ তৈরি করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতেই এ মঞ্চ তৈরি করা হবে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন।শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘আজ প্রমাণিত হলো, তাদের দাবি সর্বজনীন ছিল না। এখন জনগণের মূল দাবি গণতন্ত্র রক্ষা, ভোটের অধিকার রক্ষা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা অব্যাহত রাখা। শাহবাগের আন্দোলন ছিল একক দাবির। তাই এ আন্দোলন বেশি দূর এগোয়নি।’ শাহবাগের মঞ্চ গণতন্ত্রের মঞ্চ হলে বিএনপি এর সঙ্গে থাকত বলে তিনি জানান।বিএনপির এই নেতা আরও বলেন, শাহবাগের সমাবেশ যাদের ইঙ্গিতে শুরু করা হয়েছিল, এখন তাদের ইঙ্গিতেই তা শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা আইনের শাসনে বিশ্বাসী। কিন্তু শাহবাগের সমাবেশে বিচার ছাড়াই সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে এ দাবিকে সমর্থন দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর আইনের শাসনে বিশ্বাসী কথা স্ববিরোধী ও আত্মঘাতী। তাঁর মতে, ‘নতুন প্রজন্মের এ সমাবেশ আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হয়েছে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ এ জন্য মহাবিপদে পড়বে।’‘আশরাফের বক্তব্য কাণ্ডজ্ঞানহীন প্রলাপ’: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন প্রলাপ’ বলে মনে করে বিএনপি।সৈয়দ আশরাফের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি আশরাফের বক্তব্যকে ‘মিথ্যা ও কুরুচিপূর্ণ’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।রিজভী বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছেন। এটা সবাই জানেন। সেখানে কেউ বসে রাজনৈতিক ষড়যন্ত্র করবে, পাগলেও সেটা বিশ্বাস করে না। এ নিয়ে সরকারের কাছে কী তথ্য আছে, তা সংসদে প্রকাশ করা হোক। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা এখন চাপে পড়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে চিকিৎসা নিয়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে।’