‘গণতন্ত্র রক্ষায় অবরোধ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় দলীয় নেতা-কর্মীদের ৯ ডিসেম্বরের অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বৃহস্পতিবার নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ আহ্বান জানান। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।সমাবেশ শেষে দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের লাভ লেইন, বৌদ্ধমন্দির ও জামালখান হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়া প্রমুখ।সমাবেশে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, এ দেশে গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। বিদেশি প্রভুদের ইঙ্গিতে শেখ হাসিনা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। সর্বত্র অরাজকতা, হাহাকার ও দুর্নীতির কারণে মানুষ আজ দিশেহারা।বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, শেখ হাসিনা ও এরশাদ মুদ্রার এপিঠ-ওপিঠ। শেখ হাসিনার দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রধান বক্তা শাহাদাৎ হোসেন বলেন, গণতন্ত্র আজ স্বৈরাচার এরশাদের চেয়েও বড় স্বৈরাচারের হাতে ক্ষতবিক্ষত। নব্য স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েই গণতন্ত্রকে মুক্ত করতে হবে।