'গণতন্ত্র রক্ষায় মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন
দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নগরের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশীদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক এ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
সভায় মাহতাবউদ্দিন বলেন, বহু চড়াই-উতরাই ও মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশকে তিনি সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। শেখ হাসিনার প্রাণনাশের জন্য ডজনখানেক পরিকল্পনা হয়েছে, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন।
এদিকে দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগর ছাত্রলীগ গতকাল দুপুর ১২টায় দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার, সিনেমা প্যালেস হয়ে লালদীঘি মোড় ঘুরে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আজিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহসভাপতি মঈন হাসান চৌধুরী, শাহীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে সার্থক ও সফল করে বাঙালির গণতন্ত্রের স্বাদ ফিরিয়ে দিয়েছেন। বিএনপির আমলে শুরু হওয়া দুর্নীতির অপবাদ আর জঙ্গিবাদ নির্মূল করে জাতির পিতার সোনার বাংলা গড়ার পথে বহুদূর এগিয়েছেন তিনি।