'গণতন্ত্র রক্ষা'য় লাঠি-পতাকা হাতে আ.লীগ
জাতীয় পতাকা হাতে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের কর্মসূচি হলেও লাঠিতে পতাকা বেঁধে গোটা রাজধানী ও এর প্রবেশমুখ দখলে রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রোববার ভোর থেকে লাঠি-পতাকা, হকিস্টিক, ক্রিকেট স্টাম্পসহ বিভিন্ন সরঞ্জাম হাতে মাঠে নামেন দলটির নেতা-কর্মীরা। যৌথ বাহিনীর সঙ্গে অবস্থান করছেন দলটির নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও গণতন্ত্র রক্ষায় লাঠি হাতে গতকাল থেকেই মাঠে নেমেছি, মাঠে অবস্থান করব। খালেদা জিয়ার আহ্বানে ঢাকায় একটা মাছিও প্রবেশ করেনি।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার ডাকে মানুষ আর রাস্তায় নামে না। তাঁর ক্ষমতা শেষ। এখন আর তাঁর রাজনীতি করার সম্ভব না। রাজনীতি থেকে অবসর নিয়ে তাঁর আল্লাহ-বিল্লাহ করা উচিত।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের নেতা-কর্মীরা। বর্তমানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বাঁশের লাঠি, ক্রিকেট স্টাম্প হাতে সহস্রাধিক নেতা-কর্মী অবস্থান করছেন।
রাজধানীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর গাবতলীতে মিছিল সমাবেশ করে ঢাকা মহানগর যুবলীগ উত্তর। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আসলামুল হক। এ ছাড়া আবদুল্লাহপুরে আরেকটি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন।
এ ছাড়া ধানমন্ডিতে আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, মিরপুর-১০, মিরপুর-১ ও শেওড়াপাড়া এলাকায় আওয়ামী লীগ এবং কারওয়ান বাজারের তিতাস গ্যাস ভবনের নিচে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ অবস্থান নিয়ে পাহারা বসিয়েছে। প্রতিটি এলাকায় তারা লাঠি-পতাকা হাতে মিছিলও করে।
রাজধানীর বিমানবন্দর, উত্তরা, খিলগাঁও, বাবুবাজার, সদরঘাট, যাত্রাবাড়ী, ডেমরা এলাকার আওয়ামী লীগের নেতারা জানান, ভোর থেকেই তাঁরা ওই সব এলাকায় অবস্থান করছেন। ঢাকার অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। দলের শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশেই তাঁরা এসব এলাকায় পাহারা বসিয়েছেন।
এদিকে লাঠি হাতে মিছিল করেছে জাতীয় শ্রমিক লীগ। তারা বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। তখন তাদের ‘বাঁশের লাঠি তৈরি করো, জামায়াত-শিবির ধোলাই করো’ স্লোগান দিতে শোনা গেছে।
এ ছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মিছিল করেছে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ। একই স্থানে অবস্থান করছে আওয়ামী যুবলীগ। সেখানে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থান জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে আমাদের নেতা-কর্মীরা অবস্থান করছেন। আমার জানা মতে, কোনো নেতা-কর্মী এখনো পর্যন্ত কোথাও কাউকে আঘাত করেনি। আইন ভঙ্গ করলে সেটি দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু অরাজকতা করলে তার জবাব দেব আমরা।’ লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পতাকা তো লাঠিতেই বাঁধা হয়।’ রাজধানীর বিভিন্ন এলাকায় অফিসগামী লোকজনকে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, তাঁদের নিরাপত্তার কথা ভেবে আসতে দেওয়া হচ্ছে না। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে বসে তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।