২৯ ডিসেম্বর রোববার ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শুক্রবার পত্রিকার কার্যালয়ে পাঠানো পৃথক দুটি বিবৃতিতে তাঁরা এই অভিযোগ করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, বিএনপির নেতা-কর্মীরা ট্রেন ও বাসযোগে ঢাকা যাওয়ার সময় পুলিশ বাধা দিচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি দেওয়া হয়। এতে বাধা দেওয়া হলে চট্টগ্রাম থেকেই সর্বাত্মক গণ-আন্দোলন গড়ে তোলা হবে, যে আন্দোলনের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে এই অবৈধ ‘ফ্যাসিস্ট’ সরকারের মসনদ।
বিবৃতিতে তাঁরা বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি না করে চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ানো থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।