'গণতন্ত্রের অভিযাত্রা' প্রতিরোধের ডাক আশরাফের

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ২৯ ডিসেম্বরের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ প্রতিরোধের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক বিবৃতিতে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান।
বিবৃতিতে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘যাদের মানসিকতা স্বাধীনতাবিরোধী, সেই অশুভ শক্তির আহ্বানে সাড়া না দিয়ে তাদের সর্বাত্মক প্রতিরোধ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।’
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বিজয়ের মাসে পাকিস্তানিদের দোসর, নরঘাতক, রাজাকার, আলবদর, আলশামস আমাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকাকে নতুন করে অবমাননার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে আনা নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে যারা নীরব, তাদের হাতে আমাদের গৌরবের প্রতীক পতাকা শোভা পায় না। তারা পতাকা মিছিলের কথা বলে পতাকার অবমাননা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।