'গণতন্ত্রের অভিযাত্রা' ম্যাগনা কার্টা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা’ বলে অভিহিত করেছেন বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনের নেতারা। এ কর্মসূচিতে অংশ নিয়ে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানানো হয়।
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানানো হয়। ‘প্রহসনের’ নির্বাচন স্থগিত করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে এ সমাবেশ করা হয়।
জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক দশম সংসদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনের নির্বাচিত হওয়াটাকে ‘মকারি’ (তামাশা) বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সিলেকশনের মাধ্যমে এই যে সরকার হচ্ছে তা অবৈধ, তাদের কথা মানবেন না। কিন্তু দেশ তো সরকারশূন্য থাকতে পারে না। ২৪ জানুয়ারি তো সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর কী হবে? বিরোধীদলীয় নেত্রীর উচিত এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি তোলা।’
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রাকে সফল করতে পারলে জাতি মুক্ত পাবে। আর না পারলে আমরা ইতিহাসের কছে দায়ী হব।’
বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘২৯ তারিখ ঢাকায় আসার পর কী করবেন? ১৫৪ আসনে নির্বাচিত হওয়ার পর আর যে কয়টা আসন আছে, তা চুরি করার জন্য দুয়ার খুলে দেবেন? না কি কর্মীদের বলবেন, মথুরায় যেমন জালেম কংস রাজাকে বদ করেছিলেন শ্রীকৃষ্ণ। তেমনি কি তিনি (খালেদা জিয়া) কর্মীদের বলবেন, যারা এ নির্বাচনে জড়িত হবে, ব্যালট বাক্স নিয়ে যাবে; তোমরা রানে রানে টান দিয়ে তাদের ছিঁড়ে ফেলবে। যদি বলতে পারেন, তাহলে মনে করব, জাতির এই দুঃসময়ে তিনি যথার্থ নেতা হয়েছেন।’
রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, পেশাজীবী পরিষদের নেতা শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, আ ন হ আখতার হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

শাজাহান খানের ব্যাখ্যা প্রতিবেদকের বক্তব্য
১৫ ডিসেম্বর ‘আওয়ামী লীগের নৌকায় একঝাঁক বিতর্কিত মুখ’ শীর্ষক প্রতিবেদনের একাংশের ব্যাখ্যা দিয়েছেন নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী দাবি করেন, প্রতিবদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সমাজে তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য সংবাদটি পরিবেশন করা হয়েছে। শাজাহান খান দাবি করেন, তাঁর বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। সড়ক নিরাপত্তার পরিপন্থীও কোনো কাজ করেননি তিনি।
বরং বর্তমান সরকারের আমলে তিনি চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছেন। সড়কে যাত্রী, পরিবহন ও শ্রমিকের সার্বিক নিরাপত্তা এবং চালকদের প্রশিক্ষণের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য
সরকার ক্ষমতায় আসার পর শাজাহান খান পরিবহন খাতের মালিক-শ্রমিকদের জন্য আইন করে চাঁদার হার নির্ধারণের লিখিত প্রস্তাব দেন যোগাযোগ মন্ত্রণালয়ে। শাজাহান খানের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জন্য সারা দেশে প্রতিটি বাস থেকে দৈনিক ১০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।
এ ছাড়া শাজাহান খানের সংগঠনের তালিকা ধরে যথাযথ পরীক্ষা ছাড়া ১৯৯০ সাল থেকে এক লাখ ৮৯ হাজার পেশাদার চালকের লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমান সরকারের আমলেও এ ধরনের লাইসেন্স দেওয়া হয়েছে।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সারা দেশে চালকের বিরুদ্ধে করা অন্তত পাঁচটি মামলায় চাপ দিয়ে ধারা শিথিল করান তিনি। দুর্ঘটনার পর চালকদের যাতে কঠিন শাস্তি না হতে পারে, সে জন্য মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন শাজাহান খান।