'গণতন্ত্রের পথে জাতীয় পার্টির নতুন যাত্রা শুরু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, জাতীয় পার্টির গণতন্ত্রের পথে নতুন যাত্রা আজ থেকে শুরু হয়েছে।

আজ রোববার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের নিয়ে একটি যৌথ সভা আয়োজন করা হয়। সভার বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।
এ বছরের ডিসেম্বরে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলটির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হবেন। তবে এ প্রক্রিয়ায় চেয়ারম্যান পদে কোনো পরিবর্তন আসবে কি না, সে প্রশ্নের সরাসরি জবাব তিনি দেননি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ১৯৯১ সালের পর থেকে একটি সংসদও কার্যকর ছিল না। এবারই প্রথম সংসদ কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তার কারণ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন আওয়ামী লীগ সংসদে যায়নি। বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন তারাও সংসদে যায়নি। তিনি বলেন, জাতীয় পার্টি সংসদের ভেতরে ও বাইরে মানুষের পক্ষে কথা বলছে, বলবে।
জাতীয় পার্টি কি তাহলে আগে গণতান্ত্রিক দল ছিল না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, গঠনতন্ত্রের ৩৯ (ক) ধারায় চেয়ারম্যানকে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাউন্সিলররাই দিয়েছেন। কাজেই এ ধারাটিকে অগণতান্ত্রিক বলা ঠিক হবে না।
নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলে এ ধারাটি অব্যাহত থাকবে কি না—এ ব্যাপারেও তিনি পরিষ্কারভাবে কিছু বলেননি।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজই প্রথম জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভায় অনেক অপ্রিয় কথাও উত্থাপিত হয়েছে বলে মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু জানান।