‘গণতন্ত্রের পোশাকে একনায়কতন্ত্রের প্রকাশ’
বিএনপি ও সমমনা দলের মিছিলে পুলিশের লাঠিপেটাকে ‘গণতন্ত্রের নামে একনায়কতন্ত্রের প্রকাশ’ বলে আখ্যায়িত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ও পেশাজীবী সমাজ। ওই ঘটনার প্রতিবাদে গত সোমবার দুপুরে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি ও রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদের মহাসচিব মাহফুজ পারভেজ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোজাফফর আহমদ চৌধুরী, সাবেক সভাপতি কামাল হোসাইন, জাহিদ হোসেন শিকদার, জিয়া স্মৃতি সংসদের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিরোধী দলের দমন-পীড়ন, হামলা-মামলা ও আক্রমণাত্মক আচরণ গণতন্ত্রের পোশাকে একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ।