চট্টগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন
‘গণতন্ত্রের লেবাসে সরকার এক-এগারোর চেয়ে ভয়াবহ কায়দায় দেশ চালাচ্ছে’
বিএনপি ও দলের অন্য কোনো অঙ্গসংগঠনকে পুলিশ সমাবেশ করতে দিচ্ছে না। লালদীঘি মাঠে পূর্বনির্ধারিত সমাবেশের জন্য আবেদন করেও অনুমতি মেলেনি। সরকার এভাবে গণতন্ত্রকে গৃহবন্দী করে রেখেছে। গণতন্ত্রের লেবাসে তারা এক-এগারোর চেয়ে ভয়াবহ কায়দায় দেশ চালাচ্ছে।গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, সভা-সমিতি, মিছিল আর প্রতিবাদের অধিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মর্জির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার পুলিশকে রাষ্ট্রীয় সন্ত্রাসের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৩ মে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ, গাড়ি পোড়ানো, গাড়ি ভাঙচুর, দোকানপাটে হামলাসহ বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেন আমীর খসরু। তিনি বলেন, সেদিন বিএনপির মিছিল থেকে কিছু দুর্বৃত্ত গাড়ি পোড়ানো ও দোকানপাটে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। পুলিশ মিছিলে হামলা করার পর ওই দুর্বৃত্তরা সুযোগ পেয়েছে। পুলিশ যেহেতু আগেই কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাই এ পুরো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য পুলিশই দায়ী। সংঘর্ষের ঘটনায় জোট নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা অসংগতিপূর্ণ দাবি করে বিভিন্ন উদাহরণ তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মামলায় বাকলিয়ার যুবদলের মোহাম্মদ ইসমাইলকে আসামি করা হয়। অথচ তিনি দেড় বছর ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। আমীর খসরু বলেন, কোতোয়ালি থানায় ৩৯ নম্বর মামলায় পতেঙ্গা থানা জামায়াতের আমীর মোহাম্মদ জাকিরকে ৩৪ নম্বর আসামি করা হয়। অথচ তিনি ৩০ এপ্রিল গ্রেপ্তার হন, জামিন পান ২০ মে। কারাগার থেকে ২১ মে মুক্তি পান। অর্থাৎ ১৩ মে তিনি কারাগারেই ছিলেন। এতে প্রমাণিত হয়, মামলাগুলো মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও হয়রানিমূলক।