'গণতন্ত্রের স্বার্থে টক শো টিকিয়ে রাখা উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গণতন্ত্র সুষম বিকাশের জন্যই টেলিভিশনের টক শো টিকিয়ে রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টক শো জনগণকে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে, জনগণের চোখ খুলে দেয়। দু-একজন বক্তা টক শোকে ‘মিনি পার্লামেন্ট’ বলেও উল্লেখ করেছেন।
গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘টক শোর ক্রিয়া-প্রতিক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন মত দেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এতে বলেন, ‘টক শো বন্ধ করার চিন্তা সরকার করছে, এটা আমি মনে করি না। তবে সবকিছুর একটা নিয়ম-কানুন, নীতিমালা থাকা উচিত।’ তিনি বলেন, ‘টক শোতে অংশ নেওয়ার কারণে অনেক লোক আমাকে চিনছে, সালাম দিচ্ছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সংবিধানে গণতন্ত্রের যে জায়গা আছে, তাতে যদি সরকার বাধা না দেয়, তাহলে টক শো সার্থক হবে।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন টক শোর উপস্থাপক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জ্ঞানভিত্তিক আলোচনার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেন, ‘এখন কথা মুখে আসছে না। আসলে রাত ১১টার আগে মাথাটা খুলতে চাইছে না।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘কোনটা বলা যাবে কী যাবে না, সেটা নির্ধারণ না করে আলোচনা ইতিবাচক ধারায় নিয়ে যেতে হবে।’
রাজনৈতিক বিশ্লেষক মিজানুর রহমান শেলী বলেন, ‘সক্রিয় বিরোধী দল যখন সংসদের বাইরে, তখন টক শোর প্রয়োজনীয়তা আছে।’
ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর বলেন, ‘শেক্সপিয়ার বলেছেন, কথা কখনো ব্লেডের মতো ধারালো হতে পারে। তাই কথা বললে কথার প্রতিক্রিয়া হবেই।’
সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘সে-ই ভদ্রলোক, যে ব্যক্তির কর্ম নিয়ে কথা বলেন, ব্যক্তি নিয়ে নয়। এ দায়িত্ব শুধু টক শোর উপস্থাপকের নয়, যিনি অতিথি তাঁরও।’
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান বলেন, ‘গণজাগরণ মঞ্চ এখন গরুজাগরণ মঞ্চ। আবেগকে পুঁজি করে যারা আন্দোলন করে ও কথা বলে, তাদের জনগণ বাদ দেয়। তাই এখন গণজাগরণ মঞ্চে কেউ যায় না।’
মনোবিজ্ঞানী মেহতাব খানম বলেন, দুই নেত্রীর কথা যেহেতু সবাই শোনে, এ জন্য তাদের শব্দচয়ন আরও ঠিক করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লার সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আনিসুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, সাবেক সাংসদ আখতারুজ্জামান, হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আকতার, আইনজীবী তুহিন মালিক, সাংসদ ইসরাফিল আলম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও উপস্থাপক জিল্লুর রহমান।