'গণতান্ত্রিক চর্চার অনুপস্থিতি সাম্প্রদায়িক হামলা উসকে দিচ্ছে'
আইনের শাসন, বিচার ও গণতান্ত্রিক চর্চার অনুপস্থিতির কারণেই রামুর উখিয়ার মতো সাম্প্রদায়িক হামলার পর সমাজে আরও সাম্প্রদায়িক হামলাগুলোকে উসকে দিচ্ছে। বিচার না করার এই সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হামলা চলতেই থাকবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। কক্সবাজারের রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার চার বছর স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে রামু সাম্প্রদায়িক সহিংসতার চার বছর স্মরণ কমিটি।
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠকালে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কক্সবাজারের রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরের ওপর হামলা ছিল একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। মানুষের আবেগকে কাজে লাগিয়ে, রাজনৈতিক অস্থিরতার সুযোগে এ হামলা চালানো হয়েছিল। পরের বছর একইভাবে পাবনার সাঁথিয়ায় এবং কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়।
আলোচনা সভায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘রামুতে যে হামলা হয়েছিল, তা কোনো স্বতঃস্ফূর্ত হামলা নয়। এটা ছিল পরিকল্পিত।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘ক্রমাগত একটা সরকারের হাতে ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়ে গেল যে মানুষের আর কোনো অধিকার থাকছে না, আর থাকার কথাগুলোরও কোনো গুরুত্ব থাকছে না। একটার পর একটা আইনের মধ্য দিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। যার ফলে সাম্প্রদায়িক তৎপরতা ঘটছে, জঙ্গি কর্মকাণ্ড হচ্ছে। আর এগুলো যে বাড়ছে, সে আলোচনার মধ্যেও আপনি যেতে পারবেন না।’
মানবাধিকারকর্মী হামিদা হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা, ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলার রামু, উখিয়া ও চট্টগ্রাম জেলার পটিয়ায় স্থানীয় লোকজন ১৮টি মন্দিরে হামলা চালায়। একজন নিহত হয় সেই হামলায়। পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধপল্লির ৪৫টির মতো বসতবাড়ি।