‘গণতান্ত্রিক দেশ নামে থাকলেও চর্চার অভাব রয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতন্ত্রায়ণ বহুমুখী প্রচেষ্টার ফসল। কিন্তু বাস্তবে সেই সুফল জনগণ পাচ্ছে না। এর প্রধান কারণ রাজনৈতিক সদিচ্ছার অভাব। গণতান্ত্রিক দেশ নামে থাকলেও চর্চার অভাব রয়েছে। তাই গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিফলন ঘটছে না। এর জন্য জাতীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করে সব ধরনের নিয়োগে বৈষম্য ও দলীয় প্রভাব দূর করতে হবে।গতকাল রোববার বিকেলে সুশাসন ও মানবাধিকার বিষয়ে এক মতবিনিময় সভায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রাম মহানগর, মানবাধিকার ফোরাম বাংলাদেশ যৌথভাবে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভার আয়োজন করে।এতে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক ও সামাজিক অধিকার, নারীর অধিকার, ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও নৃতাত্ত্বিক পরিচয়ের অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিবাচক অগ্রগতি হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু এবং রায় প্রদান, মা ও শিশুমৃত্যুর হার কমানো, শিক্ষাক্ষেত্রে উন্নতির কথা তুলে ধরা হয়। মতবিনিময় সভায় অংশ নেন অধ্যাপক শফিক হায়দার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সেকান্দার খান, প্রকৌশলী আলী আশরাফ, সুভাষ বড়ুয়া, শহীদজায়া বেগম মুশতারী শফী, উন্নয়নকর্মী জেসমিন সুলতানা, নারী নেত্রী নূরজাহান বেগম, অধ্যাপক আনোয়ারা আলম, ব্লাস্ট, চট্টগ্রাম ইউনিটের সমন্বয়ক রেজাউল করিম চৌধুরী প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগরের সভাপতি আখতার কবির চৌধুরী।