নওগাঁর বদলগাছি উপজেলায় গত রোববার একটি নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির সন্দেহে হেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম, কয়েকজন ইউপি সদস্য ও তাঁদের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ঘটনাটি ধামাচাপা দিয়ে ‘গণপিটুনি’তে হেলাল মারা গেছেন বলে প্রচার করা হচ্ছে। হেলাল উপজেলার গয়রা গ্রামের বাসিন্দা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সদর ইউনিয়নের সাতগাছি গ্রামের ফসলি মাঠের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের টান্সফর্মার চুরি হয়। গত রোববার ওই গ্রামের খড়ের গাদার ভেতর টান্সফর্মার চুরির কাজে ব্যবহৃত সরমাঞ্জাদি পাওয়া যায়। রোববার দুপুর ১২টার দিকে হেলাল ওই গ্রামে এসে খড়ের গাদার আশপাশে ঘোরাফেরা করতে থাকেন। তখন সারথি রানী পাহান নামের এক গৃহবধূ তাঁর ভাশুর সনজিত পাহানকে ঘটনাটি জানান। এরপর সনজিত নলকূপের অপারেটর ভাতসাইল গ্রামের গোলাম মর্তুজাকে ঘটনাটি জানান। পরে হেলালকে ভাতসাইল গ্রাম থেকে ধরেগোলাম মর্তুজা সাতগাছি গ্রামে নিয়ে আসেন। বিকেলে গোলাম মর্তুজা তাঁকে ইউপি কার্যালয়ে নিয়ে যান।সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ছালাম কার্যালয়ে আসেন। এ সময় কয়েকজন ইউপি সদস্য ও লোকজনও উপস্থিত ছিলেন। তাঁরা হেলালকে জানালার গ্রিলের সঙ্গে বেঁধে পেটাতে থাকেন। হেলাল অসুস্থ হয়ে পড়লে রাত আটটার দিকে গ্রামপুলিশ দেলোয়ার হোসেনকে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে রাতেই তিনি মারা যান।
দেলোয়ার বলেন, ‘ইউপি চেয়ারম্যান হেলালকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। আমি হেলালকে হাসপাতালে ভর্তি করি। হেলাল কিছুটা সুস্থ হলে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় আমার সঙ্গে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা ছিলেন। হেলালের অবস্থা দেখে তাঁকে ওসি গ্রহণ করেননি। পরে হেলালকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে হেলাল মারা যান।’
ইউপি চেয়ারম্যান ছালাম বলেন, ‘হেলালকে সাতগাছি গ্রামের লোকজন পিটুনি দিয়েছিলেন। পরে গ্রামবাসী তাঁকে ইউপি কার্যালয়ে আনেন। কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। আমরা কেউই তাঁকে মারধর করিনি।’
হেলালের বড় ভাই বেলাল হোসেন বলেন, চেয়ারম্যান, কয়েকজন মেম্বার ও তাঁদের লোকজন হেলালকে পিটিয়ে মেরে ফেলেছেন। ঘটনাটি ধামাচাপা দিতে গণপিটুনিতে হেলাল মারা গেছেন বলে প্রচার করা হচ্ছে।’