‘গণবিচার’ অবিলম্বে বন্ধ করার দাবি এইচআরডব্লিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় অভিযুক্তদের ‘গণবিচার’ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল মঙ্গলবার সংস্থার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ১৮ জুন একটি সামরিক আদালতে গণবিচারের মাধ্যমে ১৩ বিডিআর ব্যাটালিয়নের ৬২১ জন অভিযুক্ত জওয়ানের মধ্যে ৬১১ জনকে সাজা দেওয়া হয়েছে। এ পর্যন্ত যেসব গণবিচার হয়েছে সেখানে নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার নানাভাবে লঙ্ঘিত হতে দেখা গেছে। বিশেষ করে, অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য যথোপযুক্ত পরামর্শ ও প্রস্তুতির সময় আইনজীবীরা পাননি।বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত এবং বিচারের জন্য পর্যন্ত বিশেষজ্ঞ ও জনবলের সমন্বয়ে একটি স্বাধীন টাস্কফোর্স গঠনে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় এইচআরডব্লিউ। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ২০০৯ সালের ওই বিদ্রোহের সময় বিডিআরের ৭৪ জন কর্মকর্তাকে হত্যার ঘটনায় যারা দোষী, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। তবে বিচার এমনভাবে হতে হবে, যা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ বিচারের মান নিশ্চিত করে এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ হয়। বিচারের পদ্ধতি পরিবর্তন করে প্রত্যেকের সুবিচার পাওয়া নিশ্চিত না করা পর্যন্ত সরকারের উচিত এ বিচার বন্ধ রাখা। তিনি আরও বলেন, ‘বিদ্রোহের সময় যেসব ভয়ংকর অপরাধ সংঘটিত হয়েছিল, সম্ভবত এ ধরনের গণবিচার তার প্রকৃত জবাব এবং ন্যায়বিচার হতে পারে না। এটা সুবিচার নয়, গণহারে শাস্তি।’