
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। তাদের মতে, জনগণের মতামত উপেক্ষা করে অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
গতকাল ২৮ আগস্ট বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বিক্ষোভ সমাবেশ করে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায়।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুতের উৎপাদন খরচ কমেছে। তারপরও মূল্যবৃদ্ধি এই সরকারের অগণতান্ত্রিক ও গণবিরোধী আচরণের বহিঃপ্রকাশ।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, দাম বাড়ানোর মধ্য দিয়ে বিইআরসি নিজেকে সরকারি তাঁবেদারি ও জনস্বার্থহীন প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করল।
গণতান্ত্রিক বাম মোর্চা এক বিবৃতিতে বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে অষ্টমবারের মতো জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিপুল লুণ্ঠনের ঘাটতিকে সামাল দেওয়ার জন্যই উপর্যুপুরি জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটিয়ে জনগণের পকেট কাটা হচ্ছে।
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ।