‘দেশে এক প্রচণ্ড গণবিস্ফোরণ ঘটতে যাচ্ছে’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, গোটা বাংলাদেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। অত্যাচার-নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করে কথাগুলো বলেন। ‘অবরোধ চলাকালে গত তিন দিনে সারা দেশে ২২ জন মানুষকে হত্যা, তিন হাজার মানুষকে আহত করা ও বিরোধী দলের চার হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ’ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সর্বস্তরের মানুষ আজ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। কিন্তু তাদের দমনে পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের কর্মীদের হামলা ও তাণ্ডবে দেশ আজ রক্তাক্ত হয়ে পড়েছে। পুলিশের এমন নির্যাতন বা সরাসরি গুলির ঘটনা খুব কম। আওয়ামী লীগের আশকারা পেয়ে পুলিশ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করা হয় বিবৃতিতে।