'গণমনস্তাত্ত্বিক রোগে' আক্রান্ত ২৫ শিক্ষার্থী
ফেনীর ফুলগাজী উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলাকালে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের ধারণা, তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বিভিন্ন শ্রেণির অন্তত ২৫ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। তাদের দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির রাশেদা আক্তার, হাজেরা খাতুন, বিবি মরিয়ম, জিন্নাত আরা বেগম, তাহমিনা আক্তার ও ফরিদা খাতুন; সপ্তম শ্রেণির ফারিয়া আক্তার, ফারজানা আক্তার, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আকলিমা আক্তার, জোবেদা খাতুন, নুসরাত জাহান, আয়েশা আক্তার, আকলিমা খাতুন ও উর্মি আক্তার; নবম শ্রেণির আয়েশা আক্তার। অসুস্থ অন্যদের নাম জানা যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল ইসলাম জানান, এ ঘটনার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা পর্যদের সভাপতি নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়ের পাশে একটি ইটভাটা আছে। ইট পোড়ানো বিষাক্ত ধোঁয়ার কারণেও এটা হতে পারে। তিনি বলেন, গত কয়েক দিনেও কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারোয়ার জাহান বলেন, এটি গণমনস্তাত্ত্বিক রোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভয়ের কিছু নেই, অসুস্থ শিক্ষার্থীরা সুস্থ হয়ে যাবে।