'গণমাধ্যম মুক্ত থাকলে গণতন্ত্র সুদৃঢ় হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণতন্ত্র বিকাশের সঙ্গে গণমাধ্যম (মিডিয়া) বিকাশের বিষয়টি জড়িত। গণমাধ্যম যত মুক্ত থাকবে, দেশের গণতন্ত্র তত সুদৃঢ় হবে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ৩০ বছর পূর্তি উৎসবে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম নগরের পেনিনসুলা হোটেলের জিনিয়া হলে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে চট্টগ্রামের দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর এবং ভারতের ত্রিপুরার দৈনিক দেশের কথা পত্রিকার সম্পাদক গৌতম দাশকে সংবর্ধনা দেওয়া হয়। তবে গৌতম দাশ অনুপস্থিত ছিলেন। তাঁর পক্ষে দেশের কথার জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব চক্রবর্ত্তী সম্মাননা স্মারক গ্রহণ করেন।
উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএজের সভাপতি মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ভারতের সঙ্গে আমাদের বর্ডার (সীমান্ত) আছে, কিন্তু মনের বর্ডার এখনো হয়নি। মৈত্রী শুধু ফটোগ্রাফিতে নয়, রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ভারতের সঙ্গে মৈত্রী হতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে এক হতে হবে। গণমাধ্যম সোচ্চার থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
সোমনাথ হালদার বলেন, ভারত-বাংলাদেশ বন্ধু। ভারতের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন প্রয়োজন। একাত্তরে ভারত যেমন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনি ভবিষ্যতেও থাকবে।