'গণমাধ্যমকে বাদ দিয়ে কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের একাংশের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেছেন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসন একে অপরের পরিপূরক। সবার উদ্দেশ্য সমাজ ও দেশের কল্যাণে কাজ করা। বর্তমান সরকার গণমাধ্যমের কল্যাণে কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার ডাকবাংলোতে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় সাংসদ আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে বাদ দিয়ে একটি দেশ কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তিনি বলেন, প্রশাসনকে নারী সাংবাদিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে।
সাংসদ মইন উদ্দীন খান বাদল আরও বলেন, ‘এ দেশ আমাদের। তাই দেশকে সর্বক্ষেত্রে উন্নতির শিখরে নিয়ে যেতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও কাজী মাহবুবুল আলম, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুন মিয়া।