'গণমাধ্যমকে ২৪ ঘণ্টাই জেগে থাকতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ক্ষমতার স্বাভাবিক প্রবণতা হচ্ছে স্বৈরাচারী আচরণ ও দুর্নীতির দিকে ঝুঁকে পড়া। আর এই ঝোঁক রোধ করতে পাহারা দেওয়ার দায়িত্ব গণমাধ্যমের। গণমাধ্যমকে ২৪ ঘণ্টাই জেগে থাকতে হবে।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে এসে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম ঘুমালে সমাজ বিপদে পড়তে পারে। রাজনৈতিক নেতা-কর্মীরা ভুল করতে পারেন, তাঁরা ভুল শোধরাবেন কিংবা শোধরাবেন না। কিন্তু গণমাধ্যমকর্মীদের ভুল সমাজকে বিপদে ফেলে দিতে পারে। সুতরাং গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর মতো ২৪ ঘণ্টা জেগে থাকতে হবে। গণমাধ্যম অন্ধকারের অলিগলিতে আলো দেয়।
প্রথম আলোর সমৃদ্ধি কামনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রথম আলো যেদিন থেকে যাত্রা শুরু করেছে, সেদিন থেকেই সাবালকের মতো বিচার-বুদ্ধি বিবেচনা করে ভূমিকা রেখেছে। এখন অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। সুতরাং প্রথম আলোর প্রকাশনা আরও সমৃদ্ধ হবে, সুন্দর হবে।
প্রথম আলোকে ১৭তম বর্ষপূর্তির অভিনন্দন জানালেন যাঁরা: বিভিন্ন প্রতিষ্ঠান প্রথম আলোর ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, বসুন্ধরা গ্রুপ, সামিট গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, কোহিনূর কেমিক্যালস, র্যাংগ্স, ওয়ালটন, স্যামসাং, হুয়াই, ম্যাক্সাস, গ্রুপ এম, বাংলাদেশ মহিলা পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, সানিডেল স্কুল, চ্যানেল আই, এটিএন বাংলা, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল নাইন, নাগরিক টেলিভিশন, এবিসি রেডিও, ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, বণিক বার্তা, সিটিসেল, সিটি ব্যাংক এনএ, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, এক্সট্রা কমিউনিকেশন, কনসিটো পিআর, মিডিয়াকম, জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস লিমিটেড, আইডিসিএল, প্রচিত ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড ও নিকিশা অ্যাডভার্টাইজিং। ব্যক্তিগতভাবেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।