'গণমানুষের জন্য প্রযুক্তি'

‘চাষির হাসি’ একটি মুঠোফোন অ্যাপস। এর সাহায্যে চাষ করা ধানবীজের পাতার রং পর্যালোচনা করে ইউরিয়া সারের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। পাওয়া যায় বিভিন্ন পতঙ্গের বিবরণ ও দমনপদ্ধতি। খেত থেকে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ গ্রহণের সুযোগও রয়েছে।
শুধু এই ‘চাষির হাসি’ নয়, গণমানুষের প্রয়োজনীয় আরও কিছু নিত্যনতুন অ্যাপস উদ্ভাবন করে এগুলোর প্রদর্শনীর জন্য আয়োজন করা হয়েছে ‘আইটি ফেস্টিভ্যাল’। সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এসব উদ্ভাবন নিয়ে দুদিনের এ উৎসব শুরু হয়েছে গতকাল শনিবার।
উৎসবের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য শিব প্রসাদ সেন। উদ্বোধনের পরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ‘গণমানুষের জন্য প্রযুক্তি’ শীর্ষক এ উৎসব।
উৎসব উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থাপন করা হয় উৎসব-প্রদর্শনীর আদ্যোপান্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীতে নয়টি মুঠোফোন অ্যাপ্লিকেশন, ১২টি ওয়েব অ্যাপসসহ ৩৪টি প্রজেক্ট স্থান পাচ্ছে।
এগুলোর মধ্যে আবহাওয়া অনুসন্ধানী ড্রোন ও ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ আরও ছয়টি প্রজেক্ট জাতীয়ভাবে উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীতে স্থান পাওয়া ‘চাষির হাসি’ অ্যাপস ছাড়াও নতুন উদ্ভাবন করা প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘ডিকশনারি’, হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’, নামাজ ও সেহ্রি-ইফতারির জন্য স্বয়ংক্রিয় ক্যালেন্ডার, রোগীর তথ্য সংরক্ষণের জন্য ‘ইজি প্রেসক্রিপশন’।