'গণহত্যায় বাবার জড়িত থাকার প্রমাণ ইতিহাসে নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপিল বিভাগে ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করলেন একাত্তরের মানবতাবিরোধী মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল। ছবি: ফোকাস বাংলা
আপিল বিভাগে ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করলেন একাত্তরের মানবতাবিরোধী মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল। ছবি: ফোকাস বাংলা

নিজের বাবাকে ‘নিরপরাধ’ দাবি করে আপিল বিভাগে ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করলেন একাত্তরের মানবতাবিরোধী মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল।

মুক্তিযুদ্ধকালে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল আংশিক মঞ্জুর করে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।

রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে হাসান ইকবাল বলেন, ‘নিরপরাধ মানুষকে সাজা দেওয়া হলো। গণহত্যায় বাবার জড়িত থাকার প্রমাণ ইতিহাসে নেই। আমরা ন্যায়বিচার পাইনি। রিভিউ করা হবে।’

কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ‘আলবদর বাহিনীর প্রধান সংগঠক’ ছিলেন। গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আনা সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ (১, ২, ৩, ৪ ও ৭) সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। তবে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। চলতি বছরের ৫ জুন থেকে আপিলের শুনানি শুরু হয়। ১৬তম দিনে ১৭ সেপ্টেম্বর শুনানি শেষ হয়। ওই দিন আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এর এক মাস ১৬ দিনের মাথায় আজ কামারুজ্জামানের করা আপিলের রায় ঘোষণা করা হলো।

নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর ‘বিধবাপল্লীতে’ নির্বিচারে হত্যাকাণ্ডের দায়ে (তৃতীয় অভিযোগ) কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত ও সাজা দেওয়ার ক্ষেত্রে আপিল বিভাগ একমত হলেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে।

গোলাম মোস্তফাকে হত্যার দায়ে (চতুর্থ অভিযোগ) কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তাঁকে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিল বিভাগ।

দারাসহ ছয়জনকে হত্যার (সপ্তম অভিযোগ) দায়ে কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই দণ্ড বহাল রেখেছেন।

একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের (দ্বিতীয় অভিযোগ) দায়ে কামারুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই দণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

বদিউজ্জামানকে হত্যার (প্রথম অভিযোগ) দায়ে কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আপিলে এই অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।

রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন। ২ জুলাই এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।