ক্ষমতা রক্ষার জন্য বর্তমান সরকার গণহত্যায় নেমেছে। এই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আগামী দিনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের নূর আহম্মদ চৌধুরী সড়কে ১৮-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।সমাবেশে আমীর খসরু বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার গণতন্ত্রের কবর রচনা করে বাকশাল কায়েমের চেষ্টা করছে। শেখ মুজিবুর রহমান অতীতে এই চেষ্টা করে সফল হননি, বরং আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। বর্তমান সরকারও বাকশাল কায়েমের চেষ্টায় সফল হবে না।সমাবেশে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, সরকার বিরোধী দলকে দমনে হামলা-মামলার পথ বেছে নিয়েছে। নির্যাতন করে অতীতে কোনো সরকার টিকতে পারেনি, এই সরকারও পারবে না।মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর নগর সহসম্পাদক আ জ ম ওবায়দুল্লাহ, কাউন্সিলর মনোয়ারা বেগম, এলডিপির নেতা নুরুল আলম, ন্যাপের নেতা ওসমান গনি শিকদার প্রমুখ।গতকাল হরতাল চলাকালে নগরের কাজীর দেউড়ি, সিইপিজেড, জুবিলি রোড, স্টেশন সড়কসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।