জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘গণিত গবেষণা কার্যক্রম ব্যাখ্যা ও বিশ্লেষণে একটি প্রধান চাবিকাঠি’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, ‘শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নে আমাদের প্রয়োজনের ভিত্তিতে গবেষণার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। বর্তমান বিশ্বের ক্রমশ পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তির প্রতিবন্ধকতা মোকাবিলায় বিশ্ববিদ্যালয় এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে গবেষণা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা হিসেবে গণিত এসব গবেষণা কার্যক্রম ব্যাখ্যা ও বিশ্লেষণের ক্ষেত্রে একটি প্রধান চাবিকাঠি হিসেবে আবির্ভূত হয়েছে।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তদশ গণিত সম্মেলনে গতকাল বৃহস্পতিবার আজাদ চৌধুরী এসব কথা বলেন।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গণিত বৈজ্ঞানিক উদ্ভাবনের চাবিকাঠি’ শীর্ষক তিন দিনব্যাপী এ গণিত সম্মেলনের আয়োজন করে গণিত বিভাগ। প্রধান অতিথি এ কে আজাদ চৌধুরী এর উদ্বোধন করেন।বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য্রশরীফ এনামুল কবির, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক আনোয়ারুল হক, বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।কি-নোট সেশনে ‘গণিত প্রযুক্তির চাবি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জার্মান গণিতবিদ অধ্যাপক হান্স বাবস্কি। এ ছাড়া গণিত বিভাগের হল এবং ২৩০ ও ২৩২ নম্বর কক্ষে গণিতের বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিভিন্ন দেশের গণিতবিদেরা।তিন দিনব্যাপী এ সম্মেলনে আমেরিকা, জার্মানি, ভারত, পাকিস্তান, ব্রুনাই ও নেপাল থেকে একজন করে অতিথি বক্তার প্রবন্ধসহ গণিতের বিভিন্ন শাখায় মোট ১৯৪টি দেশি-বিদেশি প্রবন্ধ উপস্থাপন করা হবে।এ কে আজাদ চৌধুরী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আর্থসামাজিক এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের গণিতবিদদের আন্তর্জাতিক পরিবেশে গণিতচর্চার বিশাল সুযোগ তৈরি হবে।’আবদুস সাত্তার বলেন, গণিত প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক সমস্যা সমাধানে ভূমিকা পালন করে। গণিত নিশ্চিতভাবেই উদ্ভাবনের ভিত্তি।লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, বিশ্বের বৃহৎ অর্জনগুলোর সবচেয়ে বুদ্ধিবৃত্তিক উপযুক্ত হাতিয়ার হচ্ছে গণিত। নিখুঁত গাণিতিক বিশ্লেষণের সহায়তায় ব্যবহারিক, প্রকৌশল এবং শিল্পের চাহিদা মেটাতে বিগত কয়েক দশকে গাণিতিক বিষয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।উপাচার্য শরীফ এনামুল কবির বলেন, গণিত ব্যতীত বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করা সম্ভব নয়। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় সফলতা অর্জনে গণিতচর্চা অত্যাবশ্যকীয়।