'গণিত নিয়ে শিক্ষার্থীরা গবেষণা করছে'
শিক্ষার্থীদের মধ্যে এখন আর গণিত ভীতি নেই। গণিত নিয়ে তারা এখন গবেষণা করছে। আজ শুক্রবার সকালে খুলনা নগরে গণিত উত্সবের উদ্বোধনের সময় এ কথা বলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি (কুয়েট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আলমগীর।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে আজ শুক্রবার দ্বিতীয় দফায় খুলনাসহ দেশের পাঁচটি জেলায় চলছে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উত্সব। শিক্ষার্থীদের গাণিতিক মেধার উত্কর্ষ বৃদ্ধি এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্য নির্বাচনের লক্ষ্য নিয়ে এ উত্সবের শুরু হয়।
বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এসব অঞ্চলের খুদে গণিতবিদেরা উত্সবে অংশ নিচ্ছে। সকাল ১০টা থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এরপর চলবে প্রশ্নোত্তর পর্ব।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
সিলেট: সকাল সাড়ে নয়টার দিকে সিলেট নগরের মীরের ময়দান এলাকায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে এ উত্সব শুরু হয়।
উদ্বোধনের শুরুতে রং-বেরঙের বেলুন ওড়ানো হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দাস। পরে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। জাতীয় সংগীত পরিবেশন করেন সিলেট বন্ধুসভার সদস্যরা।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোশতাক আহম্মেদ দীন।
সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের প্রায় ৭০০ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে।
বরিশাল : সকাল নয়টায় বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয় গণিত উত্সব। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. মাসুদ রানা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংক বরিশাল শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হুমায়ুন। জাতীয় সংগীত পরিবেশন করেন বরিশাল বন্ধুসভার সদস্যরা। গণিত উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শফিউল আলম, অধ্যাপক বিজন কৃষ্ণ সাহা, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক এম এ মামুন ও অমৃত লাল দে মহাবিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক স্বপন কুমার মণ্ডল উপস্থিত ছিলেন। উত্সবে বরিশাল অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের ৮০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
খুলনা: সকাল নয়টার দিকে নগরের সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি (কুয়েট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ আলমগীর। উদ্বোধনী বক্তব্যে মুহম্মদ আলমগীর বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন আর গণিতভীতি নেই। তারা এখন গণিত নিয়ে গবেষণা করছে। আমাদের ছেলেরা শুধু দেশে নয়, গণিত নিয়ে বিদেশের মাটিতে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।’
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিত্ মণ্ডল, ডাচ-বাংলা ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক মো. আকবর আলী। এ ছাড়া কুয়েটের পুরকৌশল বিভাগের ডিন শিবেন্দ্র শেখর শিকদার, সরকারি বিএল কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক শংকর কুমার মল্লিক, মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
এ উত্সবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রায় ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৯০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
নারায়ণগঞ্জ: শহরের নারায়ণগঞ্জ হাইস্কুল ও কলেজের মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আঞ্চলিক গণিত উত্সবের উদ্বোধন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উত্সবের উদ্বোধন করেন নারায়াণগঞ্জ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণিতবিদ লুত্ফুজ্জামান এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক উত্তম কুমার সাহা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ, গণিতবিদ লুত্ফুজ্জামান, প্রগতি সিস্টেম লিমিটেডের পক্ষে শাহাদাত্ উল্লাহ খান ও উত্তম কুমার সাহা।
নারায়ণগঞ্জের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী গণিত উত্সবে অংশ নিচ্ছে।
দিনাজপুর: সকাল নয়টা ৩০ মিনিটে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন। উত্সবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে দিনাজপুর স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এর পর জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য মো. রুহুল আমিন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আকতার এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) তড়িত্ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মদী বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
এ সময় দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বিধান চন্দ্র হালদার, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত্ হোসেন খান, অধ্যাপক মো. আলমগীর হাসান, দিনাজপুর পরমাণু চিকিত্সা ও আলট্রা সাউন্ড সেন্টারের পরিচালক বি কে বোস, ডাচ-বাংলা ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রাথমিক জুনিয়র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চারটি বিভাগে দিনাজপুর ১৩টি উপজেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এবার ২২টি অঞ্চলে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ জানুয়ারি প্রথম দফায় দেশের আটটি জেলায় গণিত উত্সব অনুষ্ঠিত হয়। ক্রমান্বয়ে বাকি অঞ্চলগুলোতেও এ উত্সব অনুষ্ঠিত হবে। ২২টি আঞ্চলিক উত্সবের বিজয়ী শিক্ষার্থীরা আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় গণিত উত্সব ২০১৪ ও দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে। দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে দশম বাংলাদেশ গণিত ক্যাম্পের। বড়দের সঙ্গে সেই ক্যাম্পে যোগ দেবে জুনিয়র গণিতবিদেরাও। এরপর গণিত ক্যাম্পের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল। এই দল এ বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫৫তম আইএমওতে যোগ দেবে।